সোনার দাম অতীতের সব রেকর্ড ছাড়ালো
প্রকাশ : ২১-০১-২০২৬ ১১:৩৬
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এর মাধ্যমে আবারো অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠলো মূল্যবান এ ধাতুটির দাম।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত সোমবার ঘোষণা দিয়ে মঙ্গলবার থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় চার হাজার ১৯৯ টাকা। তার আগে ১৫ জানুয়ারি দুই হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি চার হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি এক হাজার ৫০ টাকা বাড়ানো হয়। অর্থাৎ, পাঁচ দফায় ভালো মানের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হলো ১৭ হাজার ৩২২ টাকা।
এতোদিন ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল দুই লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। মঙ্গলবার এ দাম নির্ধারণ করা হয়। ২৪ ঘণ্টার ব্যবধানে সেই রেকর্ড ভেঙে এখন নতুন রেকর্ড তৈরি হলো। এখন ২১ ক্যারেটের এক ভরি সোনায় চার হাজার ৯৫৭ টাকা বাড়িয়ে দুই লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় চার হাজার ৩১৬ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় তিন হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৫৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ছয় হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ৪২৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে চার হাজার ৮২ টাকা।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com