weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর সড়কে গাড়ি নেই, দুর্ভোগে মানুষ

প্রকাশ : ২৫-১২-২০২৫ ১২:০৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে এসেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তাকে বহনকারী বিমান সিলেটে অবতরণ করেছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে। 

এদিকে তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মঞ্চ এলাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম ঘটেছে। ফলে যানবাহন সংকটে শহরের সাধারণ যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

সকালে তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুর্মিটোলা, কুড়িল, খিলক্ষেত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ঘুরে দেখা যায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে বিএনপির কর্মীরা অবস্থান নিয়েছেন। সাধারণ পথচারীদের এই পথে হেঁটে যেতে দেখা গেছে। অনেকে চেষ্টা করছেন বাইক ভাড়া করে গন্তব্যে যেতে। কেউ কেউ সিএনজি ব্যবহার করছেন। তবে এসব যানবাহনের সংখ্যা খুবই সীমিত।

আরো দেখা গেছে, যানবাহনের অভাবে অনেকে লাগেজ সঙ্গে নিয়েই হেঁটে রওনা হচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে। কোনো কোনো প্রবাসী গাড়ি না পেয়ে মালামাল মাথায় তুলে হাঁটা ধরেছেন। গাড়ি না পেয়ে কেউ কেউ ছোট বাচ্চাসহ হেঁটে রওনা হয়েছেন। 

সিনথিয়া রহমান নামে এক যাত্রী বিমানবন্দর মোড়ে বলেন, ময়মনসিংহ থেকে ট্রেনে এলাম। এখানে নেমে এখন আর মহাখালী যাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। রাস্তায় কোনো বাস নেই। ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল। ভাবিনি এতটা খারাপ অবস্থা হবে। 

মাথায় মালামাল নিয়ে হাঁটতে থাকা ফিরোজ বলেন, নরসিংদী যাব কিন্তু কোনো বাস খুঁজে পাচ্ছি না। বিমানবন্দরের সামনে দেখলাম সব বাস রিজার্ভ করা। আপাতত হেঁটে সামনে যাচ্ছি। দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ভোগান্তি তো হচ্ছেই, না হলে তো আর মালামাল মাথায় নিয়ে যেতে হতো না। 

নিকুঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন রুহুল আমিন। তিনি থাকেন মগবাজারে। সকাল সাড়ে সাতটায় তিনি মগবাজার থেকে একটি বাসে উঠেন। বাসের ভেতর যাত্রীরা বলাবলি করছিল বাস মহাখালি-আমতলির পরে যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। শঙ্কায় থাকেন রুহুল। কীভাবে যাবেন নিকুঞ্জে ভেবে পান না। ঠিকই বাস থামিয়ে দেওয়া হয় আমতলি। 

বাকিটা পথ হেঁটে দেরিতে অফিসে আসেন তিনি। পথে অল্প-স্বল্প মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেলেও কোনো বাহন পাননি রুহুল। পুরো রাস্তায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের মানুষকে মিছিল করে হাঁটতে দেখা যায়। নানা বাধা ডিঙ্গিয়ে কিছু ট্রাককেও নেতা-কর্মীদের বহন করে নিয়ে যেতে দেখা গেছে। সারাটি পথ মন খারাপ ভাব নিয়ে হেঁটেই আসতে হয়েছে রুহুল আমিনকে। 

এদিকে বেলা ১১টা ৪৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা আছে। বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা মঞ্চে উপস্থিত হবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে ৪৮ বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। 

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার