weather ৩৪.৯৭ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

প্রকাশ : ২৪-০৫-২০২৫ ২৩:২৬

আনোয়ারুল হক ও শবনম মুশতারী, ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও সাহিত্যচর্চায় অসামান্য অবদানের জন্য গবেষক ও অধ্যাপক আনোয়ারুল হক এবং বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পুরস্কার ২০২৫’ প্রদান করছে বাংলা একাডেমি।

শনিবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি এ ঘোষণা দেয়। এতে জানানো হয়, রবিবার (২৫ মে) বিকেলে একাডেমির আয়োজনে অনুষ্ঠিতব্য নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের অংশ হিসেবে বিজয়ীদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থমূল্য, একটি সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হবে।

শবনম মুশতারী ষাটের দশকের শুরুতে নজরুলসংগীত চর্চা শুরু করেন। দীর্ঘকাল ধরে বাংলাদেশ টেলিভিশনের নজরুলসংগীত অনুষ্ঠান মানেই ছিল তার উজ্জ্বল উপস্থিতি। নজরুলের গান নিয়ে তার একাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’ শিরোনামে একটি লং প্লে রেকর্ড প্রকাশ করে এইচএমভি, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের সাউন্ড সেকশনে সংরক্ষিত। 

নিউইয়র্কের মুক্তধারা প্রকাশ করেছে তার অ্যালবাম বেস্ট অব শবনম মুশতারী। তার দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুলসংগীতে খ্যাতিমান শিল্পী। নজরুল সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শবনম মুশতারী ১৯৯৭ সালে একুশে পদক লাভ করেন।

অন্যদিকে, অধ্যাপক আনোয়ারুল হক নজরুল-গবেষণায় নিবেদিতপ্রাণ একজন বিদ্বান। ১৯৫২ সালের ১৯ জানুয়ারি কুমিল্লার মোগলটুলিতে জন্ম নেওয়া এই শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্য বিষয়ে পড়াশোনা শেষ করে সারা জীবন অধ্যাপনায় কাটিয়েছেন। পাশাপাশি তিনি নজরুলের জীবন, দর্শন ও সাহিত্য নিয়ে নিবিড় গবেষণায় আত্মনিয়োগ করেন।

নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি এ বছরও নানা আয়োজনে মুখর থাকবে। রবিবার সকালে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকেল ৪টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে নজরুল বিষয়ক সেমিনার। এতে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইলের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জগলুল আসাদ। আলোচনায় অংশ নেবেন ‘বাঙ্গালা গবেষণার’ পরিচালক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আফজালুল বাসার। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

সাংস্কৃতিক পর্বে থাকছে নূর হোসেন রানার নির্দেশনায় গীতিনাট্য ‘দেখবো এবার জগৎটাকে’। কবিতা আবৃত্তি করবেন লিজা চৌধুরী ও শামীমা চৌধুরী। গান পরিবেশন করবেন সালাউদ্দিন আহমেদ, সুমন মজুমদার, আজগর আলীম ও ফারাহ দিবা খান লাবণ্য।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার