নানা আয়োজনে দেশে দেশে খ্রিষ্টীয় বর্ষ ২০২৬ বরণ
প্রকাশ : ০১-০১-২০২৬ ১০:৩৬
ছবি : সংগৃহীত
পিপলসনিউজ ডেস্ক
বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে। আতশবাজির বর্ণিল আলোকচ্ছটায় নতুন বছরের প্রথম প্রহর আলোকিত হয়ে ওঠে। সময়ের তারতম্যের সঙ্গে মিলিয়ে দেশভেদে আলাদা আলাদা সময়ে মধ্যরাতের আগে নববর্ষ উদযাপন শুরু হয়।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করা হয়। ঢাকার আকাশে ৩১ ডিসেম্বর রাত ১২টার আগে থেকেই উদযাপন শুরু হয়। পটকা ও আতসবাজি ফোটানো হয়। ডিএমপির নির্দেশনা অমান্য করেই অনেক জায়গায় ফানুস ওড়ে।
প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি প্রথম স্থান হিসেবে ২০২৬ সালে প্রবেশ করে।
এরপর নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপে নতুন বছরের আগমন ঘটে। মাত্র ৬০০ জন বাসিন্দার এই দ্বীপের পরই নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড, টোঙ্গা ও সামোয়াসহ প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশে শুরু হয় বর্ষবরণ উৎসব। আতশবাজি, নাচ, গান ও বিশেষ খাবারের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় মানুষ। মধ্যরাতে অকল্যান্ডের আকাশ আতশবাজির আলোয় ঝলমল করে ওঠে। একইভাবে মার্শাল দ্বীপপুঞ্জ, টুভালু ও নাউরুতেও উদযাপিত হয় নববর্ষ।
অস্ট্রেলিয়ার সিডনিতে নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। সম্প্রতি বন্ডাই সৈকতে বন্দুকধারীদের গুলিবর্ষণে হতাহতের ঘটনা স্মরণ করে সিডনি হারবার ব্রিজে আলোকসজ্জার মাধ্যমে শান্তি ও একতা লেখা প্রদর্শন করে শান্তির বার্তা দেওয়া হয়। এ সময় আতশবাজি ফোটানো হয়। সেখানে অসংখ্য মানুষ জমায়েত হন।
এ সময় কয়েক হাজার সশস্ত্র পুলিশ শহরের রাস্তায় টহল দেয়। অস্ট্রেলিয়ায় এ ধরনের দৃশ্য বিরল। মূলত বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।
এরপর নতুন বছরে প্রবেশ করে জাপান, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া। এসব দেশে বড় বড় মন্দিরে ঘণ্টা বাজানোসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে ২০২৬-কে স্বাগত জানানো হয়। এরপর বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চীনসহ ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান।
পর্যায়ক্রমে নববর্ষ উদযাপনে যোগ দেয় মঙ্গোলিয়া, তাইওয়ান, ব্রুনাই, রাশিয়ার ইরকুটস্ক, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ, হংকং, সিঙ্গাপুর, ম্যাকাও এবং অ্যান্টার্কটিকার কিছু অঞ্চল।
এশিয়ার আরও যেসব দেশে ইতোমধ্যে নতুন বছর শুরু হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার জাকার্তা, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান। এসব দেশেও আতশবাজি, ড্রোন শো এবং নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com